দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আগামী ১৮ সেপ্টেম্বর দিল্লিতে ভারতে অবস্থানরত দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দিল্লি ও কলকাতায় অবস্থানরত কেন্দ্রীয় কমিটির ২১ নেতা অংশ নেবেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় কমিটির বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে উপস্থিত থাকবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন। তবে আলোচনার নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।
দলের এক সাংগঠনিক সম্পাদক জানান, বৈঠকে মূলত দলের সাংগঠনিক পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নেতাদের মতামত ও পরামর্শ নেওয়া হতে পারে।
ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা?
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষদিকে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আওয়ামী লীগের ভেতরে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। বিমান ও স্থলপথে ফেরার সম্ভাব্য রুট নিয়েও আলোচনা চলছে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরলে ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির কথাও ভাবছে দলটি। তবে নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত কোন রুট নেওয়া হবে, তা চূড়ান্ত হয়নি।
আগামী অক্টোবরের মাঝামাঝি নয়াদিল্লিতে দেশি-বিদেশি গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে শেখ হাসিনা দেশে ফেরার রুট ঘোষণা করতে পারেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আওয়ামী লীগের একাধিক নেতা জানান, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দেশ-বিদেশে থাকা দলের নেতাকর্মীদের মধ্যেও প্রস্তুতি চলছে।
সূত্র: টাইমস অব বাংলাদেশ


